১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বেশ বিপদেই পড়েছিল ভারত। তৃতীয় দিনের শেষ বিকেলে তারা হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। চতুর্থ দিন সকালে তিন উইকেট হারায় তারা। এরপর তাদের হারের শঙ্কাই ছিল বেশি। যদিও শেষ অবধি অষ্টম উইকেট জুটিতে রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আয়ার ৭১ রান করে দলকে ম্যাচ জেতান।

ম্যাচ হারলেও ভারতের ব্যাটিং লাইনআপে একা হাতে ধস নামিয়ে দিয়েছিলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের নবম ৫ উইকেট শিকার করে নিয়েছেন এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সেও দল হারায় মন খারাপ করে ছিলেন মিরাজ। এমন সময়ে কোহলির ডাকে হাসতে দেখা যায় তাকে। ভারতের এই তারকা ক্রিকেটার মিরাজকে ডেকে তার একটি জার্সি উপহার দিলেন। ১৮ নম্বর সেই জার্সিতে কোহলি তার অটোগ্রাফ দিয়ে লিখেছেন, ‘To Mehidy, Best wishes.’
জার্সি উপহার দেওয়ার সময় মিরাজের সঙ্গে নাকি মজাও করেছেন কোহলি। মিরাজ জানিয়েছেন, ‘আমিই তাঁর কাছে চেয়েছিলাম একটি জার্সি। তার মতো গ্রেট ব্যাটসম্যানের একটি জার্সি নিজের সংগ্রহে রাখতে পারা বড় ব্যাপার। আজ তিনি ডেকে নিয়ে জার্সি দিলেন। তিনি মজা করে বলেছেন, ‘আমাকে আউট করে আমার কাছ থেকে জার্সি নিয়ে যাচ্ছিস!’

ম্যাচ শেষে ভারতের সাবেক অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার কোহলির থেকে জার্সি নেওয়ার একটি ছবি পোস্ট করেছেন নিজের ওয়ালে। ক্রিকেটের বড় তারকার জার্সি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিরাজ লিখেছেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের
একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।’
নিজের জার্সি, ব্যাট প্রায়ই অন্যদের উপহার দেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে লিটন দাসকে নিজের ব্যাট দিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক।









