সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের আনন্দে শেরপুরে মিছিল করেছেন সমর্থকরা। ২৪ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে সার্বিয়াকে ২-০ গোলে হারানোর পরপরই শেরপুর শহরের বিভিন্ন মোড়ে উচ্ছ্বসিত সমর্থকরা আনন্দ মিছিল করেন।
এসময় সবাই ‘ব্রাজিল’, ‘ব্রাজিল’, ‘নেইমার’, ‘রিচার্লিসন’ বলে চিৎকার করে, নেচে-গেয়ে জয়ের আনন্দ উদযাপন করেন ব্রাজিল সমর্থকরা। দল বেঁধে ব্রাজিলের জার্সি পরে সমর্থকদের ফটোসেশন, আড্ডা, মোটরসাইকেল র্যালি চলে। সমর্থকরা বলছেন, এ ম্যাচের জয় বিশ্বকাপ জয়ের স্বপ্নকে আরও বাড়িয়ে দিল।

এর আগে খেলা শুরুর এক ঘণ্টা আগেই বড় পর্দার সামনে ব্রাজিল ও ভিন্নদলের সমর্থকরা জমতে থাকে। খেলার ৬২ মিনিটে প্রথম গোল করের ব্রাজিলের রিচার্লিসন। ৭৩তম মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটিও করেন রিচার্লিসন। এই গোলটি ছিল অসাধারণ। বক্সের বাম প্রান্ত থেকে ডান-পায়ের টোকায় বক্সের মাঝে দাঁড়ানো রিচার্লিসনকে বলটি দেন ভিনিসিয়ুস জুনিয়র। পরে অসাধারণ এক বাইসাইকেল কিকে সার্বিয়ার জালে বল জড়ান রিচার্লিসন।
ব্রাজিল সমর্থকরা বলছেন, এই গোলটি বিশ্বকাপের সেরা গোলের মধ্যে জায়গা করে নেবে। ব্রাজিল সমর্থক জুবাইদুল ইসলাম বলেন, ফিফা র্যাংকিংয়ে ১ নম্বর দল ব্রাজিল। আর ২১ নম্বরে থাকা সার্বিয়াও শক্তিশালী। কিন্তু কাগজে-কলমে কিছুটা ব্যবধান স্পষ্ট থাকলেও মাঠের খেলায় প্রথমার্ধে সেই ব্যবধান লক্ষ করা যায়নি। সার্বিয়ার শক্তিশালী ডিফেন্স ও পাহাড়ের মতো গোলকিপার বারবার আক্রমণ ঠেকিয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে ঠিকই ব্রাজিল দেখিয়ে দিয়েছে। এ জয়ে আমরা খুবই আনন্দিত। জয়ে আমরা মোটরসাইকেল র্যালি বের করেছি।

আরেক সমর্থক সোহেল রানা বলেন, এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। খেলায় প্রথমার্ধে গোল পেতে দেয়নি সার্বিয়া। কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে একের পর এক আক্রমণ ঠেকিয়েছে দলটির গোলকিপার। দ্বিতীয়য়ার্ধে সেলেসাওরা কতটা মরিয়া, তা প্রমাণ করেছে। জয়ের এ ধারা অব্যাহত থাকবে, আশা করি।
ব্রাজিল সমর্থক জয়ন্ত কুমার দে বলেন, আজকের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হয়েছে। ছন্দময় খেলা খেলেছে ব্রাজিল। আর রিচার্লিসনের বাইসাইকেল কিকটি ইতিহাস হয়ে থাকবে। এ জয়ে আমরা খুবই আনন্দিত।









