শেরপুরের ঝিনাইগাতী-গুরুচরনদুধনই রাস্তার ফুলহাড়িতে কালভার্ট ভেঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে যান চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যেকোনো সময় পুরো কালভার্ট ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। তাই দ্রুততম সময়ে কালভার্টটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, ঝিনাইগাতী থেকে গুরুচরণ দুধনই পর্যন্ত এলজিইডির ১১ কিলোমিটার রাস্তা। ওই পথে প্রতিদিন শতশত মানুষ ও নানা ধরনের যান চলাচল করে থাকে। কিন্তু গত প্রায় দুই মাস পুর্বে ভারি যানবাহনের চাপে কালভার্টটির মাঝখানে কিছু অংশ ভেঙ্গে যায়।
পরে এলজিইডির পক্ষ থেকে ভাঙ্গা অংশ কোনোরকম মেরামত করা হয়। তবে তাতে কোনই কাজে আসেনি। যানবাহনের চাপে আবারও ভেঙ্গে যায় কালভার্টের পুরোনো ভাঙ্গা অংশ। ফলে ওই পথে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়দের মতে, যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে এ পথে যাতায়াত ব্যবস্থা।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, ওই স্থানে নতুন করে একটি কালভার্ট নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে নকশা তৈরি করে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই দ্রুত কাজ শুরু করা হবে।




