ক্রিকেটে অনেক প্রথমের জন্ম অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত ধরে। বাংলাদেশের গর্ব এবার গড়লেন আরেকটি বড় রেকর্ড। রেকর্ড নয় শুধু, বিশ্বরেকর্ড। রবিবার ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে তো ঢুকেছেন আরও আগে। এবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ২ হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি।
দলকে জেতাতে পারেননি। তবে সাকিবের ব্যাটেই ম্যাচে যা একটু লড়াই করেছে বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে ছক্কা হাঁকিয়ে ২ হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে।

এর আগে বল হাতেও একটি উইকেট নেন সাকিব। সবমিলিয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি।
এর আগে ১০০ উইকেট এবং ১ হাজার রানের ‘ডাবল’ গড়া ইতিহাসের প্রথম ক্রিকেটারও ছিলেন সাকিব। ক্যারিয়ারটা বড় হলে পরের রেকর্ডটাও বোধ হয় তারই হবে!









