ads

বুধবার , ২৩ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী বনভোজনের আয়োজন

জুবাইদুল ইসলাম
মার্চ ২৩, ২০২২ ৬:০১ অপরাহ্ণ

জীবিকার প্রয়োজনে প্রতিদিনই ভিক্ষা করে বেড়ান হতদরিদ্র অসহায় ভিক্ষুকরা। তাদের ভাগ্যে ঠিকমতো জুটে না ভালো খাবার। তারা করতে পারেন না একটু আনন্দও। তাই তাদের মনের খোরাক মেটাতে শেরপুরে গতকাল (২২ মার্চ) মঙ্গলবার দিনব্যাপী অর্ধশতাধিক ভিক্ষুককে নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন করেন একদল তরুণ যুবসমাজ। একটি দিন ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে আনন্দে মেতে উঠেছিলো ভিক্ষুকরা। ব্যতিক্রমী এ আয়োজনে ছিলো গান-বাজনা, বিভিন্ন খেলাধুলা ও উন্নতমানের খাবারের আয়োজন।

Shamol Bangla Ads

আয়োজক সূত্রে জানা গেছে, রাত পোহালেই ভিক্ষার থলে আর থালা-বাটি নিয়ে ভিক্ষা করতে বের হতে হয় ভিক্ষুকদের। তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় আর চেয়ে-চিন্তে কোনরকমে দিন কাটায়। নানা সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দে-ফুর্তিতে মেতে উঠলেও ভিক্ষুকদের জীবনে সেটা যেন প্রায় অকল্পনীয়। তাই ভিক্ষুকদের নিয়ে একটি দিন আনন্দে কাটাবার পরিকল্পনা করেন শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকার তরুণ যুবক রিজভী আহমেদ। তার সেই পরিকল্পনা বাস্তবায়নে যোগ দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব সৈয়দ মো. হানিফ, কায়সার মাহমুদ রাজুসহ বেশ কয়েকজন উদ্যমী ব্যক্তি।

গত মঙ্গলবার প্রায় অর্ধশতাধিক ভিক্ষুক নিয়ে সদর উপজেলার সুলতানপুর এলাকায় বিলাসবহুল গোল্ডেন ভ্যালী পার্কে আয়োজন করা হয় ‘ভিক্ষা বিলাস’ নামে এক ব্যতিক্রমী বনভোজনের। ‘আমরা কজন’ এর ব্যানারে আয়োজিত এ বনভোজনে ছিল বিভিন্ন খেলাধুলা ও গানবাজনাও। মহিলা ভিক্ষুকদের বালিশ খেলা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে হাড়ি ভাঙ্গা ও নিজস্ব প্রতিভা প্রকাশে গান গাওয়াসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দুপুরে সকল ভিক্ষুকদের নিয়ে একসাথে সবাই বাহারি খাবার পরিবেশন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কার প্রদান, করোনাকালীন সুরক্ষায় মাস্ক ও যাতায়াত বাবদ নগদ অর্থ প্রদান করা হয় তাদের মাঝে। এসব আয়োজন চলে ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত।

Shamol Bangla Ads

বনভোজনে আসা ভিক্ষুক মো. জসিম উদ্দিন বলেন, আমরা তো সারাদিন ভিক্ষা করি। পরে বাড়িত গিয়া কোনরকমে খাওয়াদাওয়া কইরা শুয়ে পড়ি। আমরা এরকম পিকনিক খালি দেখছি। আর আইজকা আমগরে নিয়া পিকনিক করতাছে। আমরা খুব মজা করলাম। আর ভালা ভাল খাবারও খাইলাম। মনে খুব আনন্দ লাগতাছে। ভিক্ষুক মোছা. শরিফা বেগম বলেন, আমরা এত সুন্দর জায়গাত আগে আসি নাই আগে। আজকা এইখানে আইসা খুব ভালা লাগতাছে। আমরা গান-বাজনা শুনলাম, খেলাধুলা করলাম। বাবাজিরা আমগরে মেলা আনন্দ দিছে। আমগরে তো অনেক মানুষ দুর দুর করে। আর এরা আমগরে বুকে টাইন্না নিছে। আল্লাহ এদের বাঁচায়া রাখুক। একই অনুভূতি ব্যক্ত করেন ভিক্ষুক আব্দুর রহমান, সাফিয়া বেগম, কেনি বেগম, আমেনা বেগমসহ বেশ কয়েকজন।

গোল্ডেন ভ্যালী পার্কে বেড়াতে আসা মো. মোবারক হোসেন নামে এক যুবক জানান, আমি এখানে ঘুরতে এসে দেখলাম, বেশ কয়েকজন যুবক ভিক্ষুকদের নিয়ে বনভোজনসহ নানা আয়োজন করেছে। বিষয়টি দেখে খুবই ভাল লাগল। অন্তত একটা দিন তো তারা ভালভাবে কাটাতে পারছে। এরকম আয়োজন প্রতিবছরই করা উচিত।

বনভোজনের উদ্যোক্তা মো. রিজভী আহমেদ, আলহাজ্ব মো. সৈয়দ হানিফ ও মো. কায়ছার মাহমুদ রাজু বলেন, যারা ভিক্ষা করে জীবনযাপন করেন তারাও তো মানুষ। তাদেরও তো মনে স্বাদ জাগে ভালো কিছু খাবার আর মনের আনন্দ উপভোগ করতে। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ভিক্ষুকদের নিয়ে একটি ভাল দিন কাটানোর চেষ্টা করেছি। তাদেরকে একটা দিনের জন্য আর দশটা সাধারণ মানুষের কাতারে এনে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। এমন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সকলের কাছে অনুরোধ জানাব, আপনারাও এই অসহায়দের পাশে এসে দাঁড়ান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!