‘শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী’
শেরপুরের শ্রীবরদীতে নবনির্মিত ১ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে। ২১ মার্চ সোমবার সকালে সদর ইউনিয়নের কিয়ামতলা বাজার থেকে দহেরপাড় বাজার পর্যন্ত ওই পাকা রাস্তার উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। এজন্য সরকার তৃণমূলের রাস্তাঘাটের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই আওতায় কিয়ামতলা বাজার হতে দহেরপাড় বাজার রাস্তার ১ কিলোমিটার পাকাকরণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শীঘ্রই বাকি দেড় কিলোমিটার রাস্তার কাজও শুরু হবে। এছাড়া এ ইউনিয়নের বাকি কাজগুলো পরবর্তীতে করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এ উপলক্ষে কিয়ামতলা বাজারে শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা তাঁতী লীগের সভাপতি হেলাল উদ্দিন, যুবলীগ নেতা শরিফ মোহাম্মদ দেলোয়ার জাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নয়ানী শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম প্রমুখ।
শ্রীবরদী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজল হক সবুজ সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বনিজ উদ্দিনসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।




