এলজিডির আওতায় ব্যয় হবে প্রায় সোয়া ৫ কোটি টাকা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নে প্রায় সোয়া ৫ কোটি টাকা ব্যয়ে দুটি পাকা রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৬ আগস্ট শনিবার সকালে ধলা ইউনিয়নের বাকারকান্দা-চান্দেরনগর পূর্ব এলাকায় ২৬৮০ মিটার এবং চাঁন্দেরনগর-ধলা ভায়া পাঞ্জরভাঙ্গা ২৪৮০ মিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। এজন্য সরকার গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে তৃণমূলের রাস্তাঘাটের উন্নয়ন করছে। এর মধ্যদিয়ে এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতসুবিধা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
এ উপলক্ষে ধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রহিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, ধলা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় ওইসময় উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল হাসান স্বপন, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, ইউনিয়ন যুবলীগ নেতা মিনহাজ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এলজিইডির আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় বাকারকান্দা-চান্দেরনগর পূর্ব এলাকায় ২৬৮০ মিটার রাস্তা বিটুমিন কার্পেটিংকরণে ব্যয় হবে ২ কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৯১৭ টাকা। আর চাঁন্দেরনগর-ধলা ভায়া পাঞ্জরভাঙ্গা ২৪৮০ মিটার রাস্তা বিটুমিন কার্পেটিংকরণে ব্যয় হবে ২ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৬২৮ টাকা।




