শেরপুরে বেপরোয়া গতির ডাম্প ট্রাক চাপায় মো. নুরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ১৪ মার্চ সোমবার ভোররাতে শেরপুর শহরের চাপাতলীস্থ এতিমখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত মত শেখের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

এছাড়া একই ঘটনায় হামিদুল ইসলাম (৪৫) নামে আহত আরও একজন গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাথীন রয়েছেন। তিনি কসবা কাচারিপাড়া এলাকার নওশেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত চারটার দিকে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেল যোগে শেরপুর শহরের খরমপুর থেকে কসবা কাচারীপাড়া শ্বশুর বাড়িতে ফিরছিলেন রংমিস্ত্রি নুরুল ইসলাম ও হামিদুল ইসলাম। পথিমধ্যে চাপাতলী এতিমখানা চৌরাস্তা মোড়ে আসার পরই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত হামিদুল জেলা সদর হাসপাতালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন বলেন, নুরুল ইসলাম হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তার লাশ জেলা সদর হাসপাতালের মর্গে আছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রংমিস্ত্রি নুরুল ইসলামের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




