চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ঘণ্টা বাজলো ফ্রান্সের ব্যয়বহুল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই-পিএসজির। মেসি-নেইমারের পিএসজিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে গেলো রিয়াল মাদ্রিদ। ফলে এবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হলো না পিএসজির।

প্রথমার্ধে এমবাপ্পের গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে বেনজেমার দূর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জয় পায় স্বাগিতক রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
প্রথম লেগে ১-০ গোলে হারা মাদ্রিদ, হোম ম্যাচে পিএসজিকে হারিয়েছে ৩-১ গোলে। শেষ ষোলোর আরকে ম্যাচে স্পোর্টিং সিপির সাথে গোলশূণ্য ড্র করেছে ম্যানসিটি। তবে প্রথম লেগে ৫-০ গোলের জয়ে ওরাও পৌছে গেছে কোয়ার্টারে।

বার্নাব্যুতে রিয়াল-পিএসজি বিগম্যাচ। প্রথম লেগে ১-০তে হার, কোয়ার্টার ফাইনালে যেতে রিয়ালকে জিততে হবে অনন্ত ২-০ গোলে। অ্যাওয়ে ম্যাচ হলেও শুরুতে লাগাতার আক্রমণে হোস্ট রিয়াল মাদ্রিদকে দিশেহারা করে দেয় প্যারিস সেন্ট জার্মেই। বিশেষ করে ফরাসী স্পিডস্টার কিলিয়ান এমবাপ্পে বার বার এলোমেলো করে দেয় গ্যালাক্টিকোদের ব্যাকলাইন।
ফার্স্ট লেগের একমাত্র স্কোরার এমবাপ্পেও সেকেন্ড লেগেও পেয়ে গেলেন গোল। ওর স্কোরেই প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লিড নেয় পিএসজি। সেকেন্ড হাফের শুরুতেও পেরে উঠছিল না রিয়াল, আক্রমণ করে যাচ্ছিল ঠিকই কিন্তু কাজে আসছিল না একটাও।
৬১ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। মাঝমাঠ থেকে ভেরাত্তি ব্যাকপাস দেন গোলরক্ষক দোনারুম্মাকে। দোনারুম্মার ধীর নড়াচড়া সুযোগ করে দেয় সুযোগসন্ধানি বেনজেমাকে। প্রেসিং করে বল কেড়ে নেন বেনজেমা। বল বাড়ান তার আক্রমণের সঙ্গী ভিনিসিয়াসকে। ভিনিসিয়াসও নিঃস্বার্থভাবে ফিরতি পাস দেন বেনজেমাকে। এরপর বক্সের ভিতর থেকে গোল করতে বেগ পেতে হয়নি মাদ্রিদের নাম্বার নাইনকে। বেনজামার সৌজন্যে কিছুটা স্বস্তি ফেরে স্বাগতিক রিয়াল মাদ্রিদ শিবিরে।
খেলায় সমতা এনে রিয়াল আরো মরিয়া আক্রমণ চালাতে থাকে। পিএসজির রক্ষণভাগ রিয়ালের আক্রমণে খেই হারিয়ে ফেলে।একের পর এক ভুল করতে থাকে পিএসজি ডিফেন্ডাররা।
৭৬ মিনিটে উল্লাসে ভাসে মাদ্রিদ সমর্থকেরা। বেনজেমার দ্বিতীয় গোলে দুই লেগ মিলে সমতায় চলে আসে রিয়াল মাদ্রিদ। ম্যাচে এগিয়ে গিয়ে রিয়াল মাদ্রিদের খুব বেশি সময় লাগেনি জয় নিশ্চিত করতে। মাত্র ২ মিনিট পরেই আবার গোল করেন বেনজেমা।
ম্যাচের ৭৬ থেকে ৭৮ এই দুই মিনিটেই পাল্টে গেছে পুরো দৃশ্যপট। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে হ্যাটট্রিক নিশ্চিত করেন এই ফরাসি ফুটবলার। সবটুকু আলো কেড়ে নিয়ে আজকের ম্যাচের নায়ক হন তিনিই।
ফলাফল যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য পিএসজির এত কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ তা কোনও কাজেই আসলো না।









