ads

রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলস নদীর উপর একটি সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৭:০২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও সদর উপজেলার সংযোগস্থল এলাকায় কলস নদীর ওপর একটি সেতুর অভাবে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। দুর্ভোগ লাঘবে দ্রুত ওই স্থানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলজিইডি অফিস বলছে, ওই জায়গায় সেতু নির্মাণের জন্য ডিপিপি পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দরপত্র আহ্বান করে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।

Shamol Bangla Ads

জানা গেছে, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শেরপুর সদর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে কলস নদী। কোনো পাকা সেতু না থাকায় এ নদীর ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে ওই তিন উপজেলার আশেপাশের গ্রামের মানুষ যাতায়াত করেন। ওই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামের বৃদ্ধ ও কোমলমতি স্কুলশিক্ষার্থীদেরও। স্বাধীনতার পর থেকেই স্থানীয়রা সেখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি করে আসছেন। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু সে আশ্বাস আর বাস্তবায়িত হয়নি। সময় বাঁচাতে বাঁশের সাঁকো দিয়েই আশেপাশের ১০ গ্রামের অন্তত ৮-১০ হাজার মানুষ উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে যাতায়াত করেন। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদেরকে।

এই সাঁকোর আশেপাশের এলাকায় পশ্চিম কলসপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মাদিয়া কওমী মাদ্রাসা ও কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসাসহ অন্তত ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি নিয়েই পড়তে যান। এতে মাঝে-মধ্যেই ঘটে দুর্ঘটনা। এ ছাড়া নদীর অপরপাড়ে থাকা কলসপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যেতে দুর্ভোগে পড়েন সেবাপ্রার্থীরা। গুরুতর রোগী থাকলে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। এলাকায় উৎপাদিত কৃষি পণ্য ও গবাদিপশু পারাপারেও বিড়ম্বনায় পড়েন স্থানীয় কৃষকেরা। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বর্ষাকালে ভোগান্তি যেন নতুন মাত্রা পায়।

Shamol Bangla Ads

কলসপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলেয়া খাতুন, বিলকিছ আক্তারসহ কয়েকজন শিক্ষার্থী জানান, এই ভাঙাচোরা বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাইতে ভয় করে। আমিসহ কয়েকজন পা পিছলে পড়ে গেছিলাম। এখন সাবধানে ভয়ে ভয়ে পার হই। আর কোনো রাস্তা না থাকায় এইদিক দিয়াই যাইতে হয়। পশ্চিম কলসপাড় গ্রামের মো. রহমত আলী বলেন, ‘স্বাধীনতার পর থেকেই একটা পাকা সেতুর জন্য অপেক্ষা করতাছি। অন্যান্য জায়গায় অনেক পাকা সেতু হইছে। খালি আমাদেরটাই হইতাছে না। এই সেতুর জন্য কোনো একটা ভালো ব্যবসা-বাণিজ্যও করতে পারি না। স্থানীয় গৃহবধূ আমেনা বেগম বলেন, ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে খুব কষ্ট করে সাঁকো পারাপার হইতে হয়। ছোট ছোট পোলাপানদের স্কুলে যাইতে দিতেও ভয় লাগে। টেনশনে থাকি। এখানে একটা পাকা সেতু খুব দরকার।

ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম তোতা বলেন, কলস নদীর ওপর সেতু নির্মাণের জন্য বিভিন্ন সময় উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। তখন আমাদের সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।

কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, যত দ্রুত সম্ভব সেতুটি নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দুর্ভোগ লাঘবে সেতুটি নির্মাণে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে শেরপুরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ওই জায়গায় একটি সেতু নির্মাণের জন্য ডিপিপি পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দরপত্র আহ্বান করে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads