ফিফা বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের (ই-গ্রুপ) শেষ ৩ টি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিমানযোগে শুক্রবার কাতারে পৌঁছেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বার্তায় নিশ্চিত করেছে বেলা ১১টায় ঢাকা থেকে রওনা দিয়ে জেমি ডের শিষ্যরা দোহায় পৌঁছান স্থানীয় সময় দুপুর সোয়া ১টায়।

বাংলাদেশের বাকি ৩ ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩, ৭ এবং ১৫ জুন। প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, ভারত এবং ওমান। এর আগে দোহাতে ২ দিনের বেশি অনুশীলন করার সুযোগ পাবে লল-সবুজ বাহিনী।
ম্যানেজার ইকবাল হোসেনের নেতৃত্বে ৩২ সদস্যের বাংলাদেশ দল কাতার গেছে। ২৩ ফুটবলার ছাড়াও দলে রয়েছেন ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, গোলরক্ষক কোচ, ফিটনেস কোচ, মিডিয়া অফিসার, ডাক্তার, ফিজিও ও টিম এ্যাটেন্ডেন্ট। কাতার পৌঁছে ফুটবলারদের স্বাস্থ্যবিধির আনুষাঙ্গিক কাজগুলো করতে হবে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই নির্দিষ্ট সময়ে অনুশীলন মাঠে যাওয়ার অনুমতি পাবেন তারা। দেশ ছাড়ার আগে নিজেদের সাধ্যমত নিজেদের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে যান দলের জামাল ভূঁইয়াসহ অন্যরা। তবে লক্ষ্য কী, তা খোলাসা করেননি হেড কোচ জেমি ডে!

এবারের দলে সুযোগ পেয়েছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান। তবে ২ ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল ও মোহাম্মদ ইব্রাহিম করোনায় আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে কাতারে যেতে পারেননি।
জানা গেছে, জাতীয় ফুটবল দল বিদেশে খেলতে যাবার আগে সবসময়ই সংবাদ সম্মেলন করে। কিন্তু এবার ব্যতিক্রম হয়েছে। তারা সেটি করেনি। কাতার যাবার অগে দেশের মাটিতে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছে জাতীয় দল। বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে তারা প্রতিপক্ষ শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারাতে পারেনি। ড্র করে ২-২ গোলে। অপর্যাপ্ত প্রস্তুতির জন্য ইতেমধ্যেই হতাশা প্রকাশ করেছেন জামাল ভুঁইয়া ও রহমত মিয়ারা। বাফুফেও প্রবলভাবে সমালোচিত হয়েছে বিদেশে আগেভাগে গিয়ে সেখানকার জাতীয় বা ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার কূটনৈতিক ব্যর্থতার জন্য।









