নিউজিল্যান্ডে দেখতে দেখতে ১৪ দিন কাটিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটাররা। কোয়ারেন্টাইনের ১৪ দিনও শেষ হয়ে গেছে মঙ্গলবার। ১০ মার্চ রবিবার থেকে মুক্ত হয়ে যাবেন টাইগাররা। গ্রুপ করে আর নয়, এখন তেকে সবাই মিলে একসঙ্গে অনুশীলনও করতে পারবেন। স্বাভাবিক চলাফেরাও করতে পারবেন। ৪ বার করোনা ‘নেগেটিভ’ হওয়ার যে শর্ত, তাও পূরন হয়ে গেছে। বাংলাদেশ দলের সব সদস্যই চতুর্থবারের মতো করোনা ‘নেগেটিভ’ হয়েছেন। নিউজিল্যান্ড যে শর্তগুলো দিয়েছিল, তা ভালভাবেই পালন করে এখন মুক্ত বাংলাদেশ দলের প্রত্যেক সদস্য।

বাংলাদেশ দলের শৃঙ্খলা ও কোয়ারেন্টাইন ইস্যুতে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সার্বিক সহাযোগিতায় দারুণ খুশি হয়েছে দেশটির সীমান্ত কোভিড ব্যবস্থাপনা ইউনিট-এমআইকিউ (ম্যানেজড আইসোলেশন এ্যান্ড কোয়ারেন্টাইন)। সেজন্য তারা বাংলাদেশ দলকে উচ্ছ্বাসিত প্রশংসাও করেছেন। আজ দলের সদস্যরা ক্রাইস্টচার্চ ছেড়ে নিউজিল্যান্ড সময় সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে করে কুইন্সটাউনেও যাবেন। সেখানে ১৫ মার্চ পর্যন্ত পাঁচদিনের প্রস্তুতি ক্যাম্প হবে। এরপর প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে যাবেন টাইগাররা।
প্রস্তুতি ক্যাম্প শেষে ১৬ মার্চ ডানেডিনে গিয়ে তিনদিন অনুশীলন শেষে ২০ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ খেলা শুরু করবে টাইগাররা। ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে হওয়ার পর আবার ক্রাইস্টচার্চে আসবেন। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম টি২০, ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় টি২০ ও ১ এপ্রিল অকল্যান্ডে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ খেলবে।

নিউজিল্যান্ডের কোয়ারেন্টাইন শর্ত শুরুতে যতটা কঠিন মনে হয়েছিল, আসলে তেমনটি নয়। শুরুতে মনে হয়েছিল, ১৪ দিন কঠোর কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে কাটাতে হবে বাংলাদেশ ক্রিকেটারদের। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে গিয়ে মহা চ্যালেঞ্জের মধ্যে পড়বেন ক্রিকেটাররা। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই বিষয়টা সহজ হয়ে গিয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইন শেষ হলে তো জৈব সুরক্ষা বলয়েও বাংলাদেশ ক্রিকেট দলের কোন সদস্যকেই থাকতে হবে না। মুক্ত বাতাসে চষে বেড়াতে পারবেন। যেখানে খুশি অনুমতি সাপেক্ষে যেতে পারবেন। নির্দিধায় ঘুরে বেড়াতে পারবেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রথম বিদেশ সফরে গিয়ে প্রথম দুইদিন অবশ্য মহাসমস্যাতেই ছিলেন ক্রিকেটাররা। ২৪ মার্চ নিউজিল্যান্ডের মাটিতে পা রেখে দুইদিন রুমেই বন্দী ছিলেন। রুমে একা থাকতে হয়েছে। রুম, টয়লেট, সবকিছু নিজেকেই পরিষ্কার করতে হয়েছে। রুমের গেটের সামনে খাবার দেয়া হয়েছে, তা নিয়ে খেতে হয়েছে। গোছগাছ নিজেকেই করতে হয়েছে। এমনটি সাতদিন যাবে, আগে তাই ভাবা হয়েছে। কিন্তু দুইদিন যেতেই ক্রিকেটাররা রুম থেকে বের হতে পেরেছেন।
একবেলা ৩০ মিনিট হাঁটা এবং দৌড়াতে পেরেছেন। সতীর্থদের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দেখাও করতে পেরেছেন। ধীরে ধীরে একবেলা থেকে দুইবেলা ৩০ মিনিট করে হাঁটা এবং দৌড়ানোর সুযোগ মিলেছে। এমনকি বাইরে থেকে অনলাইনে অর্ডার করে পছন্দের খাবার এনেও খাওয়া গেছে। সাতদিন পর জিম করার সুযোগ মেলার সঙ্গে অনুশীলন করার সুযোগও পাওয়া গেছে। ক্রিকেটাররা লিংকন গ্রীন মাঠে প্রতিদিনই অনুশীলন করেছেন। তিন-চারটি গ্রুপে ২০ ক্রিকেটারকে ভাগ করে দিয়ে অনুশীলন হয়েছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার দারুণ সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিদেশ সফরে গিয়ে বেশিদিন অনুশীলন করার সুযোগও পাওয়া গেছে। ক্রিকেটাররা এখন ক্রাইস্টচার্চে আছেন। বুধবার পুরোই মুক্ত হয়ে যাবেন। যখন ইচ্ছে, যেখানে ইচ্ছে অনুমতি নিয়ে বের হতে পারবেন। ঘুরতে পারবেন। নিউজিল্যান্ডের হোটেলগুলোতে গিয়ে খেতে পারবেন। করোনাভাইরাসের আর কোন ভয়ও থাকবে না। নিউজিল্যান্ডে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর কোভিড-১৯ নেগেটিভ হওয়ার শর্তে এমনই সহজ হয়ে যায় জীবনের পথ চলা। বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্যও অনেক সহজ হয়ে যাবে। আজ থেকে সেই সহজের পথেই হাঁটবেন বাংলাদেশ ক্রিকেটাররাও।









