শেরপুরে জেলা বিচার বিভাগের আয়োজনে বাৎসরিক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ বুধবার রাতে আদালত চত্বরে অনুষ্ঠিত ওই টুর্ণামেন্টে বিচারক গ্রুপে চ্যাম্পিয়ন হন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জুলফিকার হোসাইন রনি জুটি। এ গ্রুপে রানারআপ হন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান ও সহকারী জজ মোঃ আতাউল্লাহ জুটি। অপরদিকে কর্মচারী গ্রুপে চ্যাম্পিয়ন হন আব্দুর রহিম পাপ্পু ও খোকন মিয়া জুটি। আর রানারআপ হন নাদিম সরকার ও শহীদুল ইসলাম জুটি।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। ওইসময় তিনি বলেন, খেলাধুলা মানুষের চিত্তকে সুস্থ রাখে। মন ভাল রাখে। করোনার স্থবিরতার পর বিচার বিভাগের সবার মাঝে প্রাণ-চাঞ্চল্য ফিরিয়ে আনতেই এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্ণামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, দায়রা আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল, স্পেশাল পিপি আলহাজ্ব এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী।। ওইসময় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, যুগ্ম জেলা জজ-১ কামাল হোসেন, যুগ্ম জেলা জজ-২ এসএম জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্য বিচারক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বিচারক গ্রুপে ৮ এবং কর্মচারী গ্রুপে ১৬টি দল নিয়ে এ টুর্ণামেন্ট শুরু হয়।




