ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টোয়েন্টি সিরিজের প্রথম ২টিতে অনায়াস জয় পেয়েছে আফগানিস্তান। তাতে সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে। সুযোগ ছিল হোয়াইটওয়াশ করার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আফগানরা। সুপার ওভার থ্রিলারে তাদের হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড।

নদীয়ায় আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। জবাবে আফগানিস্তান ১৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৬ রান। ব্যাট হাতে এগিয়ে আসেন রশিদ খান। তিনি ১ চার ও ১ ছক্কা হাঁকিয়ে শেষ ওভারে ১৫ রান তুলতে পারেন। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সেখানে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে। ১ উইকেট হারিয়ে ৮ রান তুলতে পারে। ৯ রান তাড়া করতে নেমে ২ বলে ৫ রান তোলে আয়ারল্যান্ড। এরপর পল স্টার্লিংকে হারায়। রশিদ খানের করা চতুর্থ বলে কোনো রান নিতে পারেনি আইরিশরা। পঞ্চম বলে নেয় ১ রান। তাতে জয়ের জন্য শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল সফরকারীদের। কেভিন ও’ব্রায়েন শেষ বলটিকে রশিদ খানের মাথার উপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলেন। তাতে দুর্দান্ত এক জয় পায় বালবিরনিবাহিনী। সুপার ওভার থ্রিলারে শেষ ম্যাচটি জিতে দেশে ফিরবে তারা।

সংক্ষিপ্ত স্কোর :
আয়ারল্যান্ড : ১৪২/৮ (গ্যারেথ ডিলানি ৩৭, হ্যারি টেকটর ৩১, কেভিন ও’ব্রায়েন ২৬; কোয়াইস আহমেদ ৩/২৫ ও নাভিন-উল-হক ৩/২১)।
আফগানিস্তান : ১৪২/৭ (রহমানুল্লাহ গুরবাজ ৪২, আসগর আফগান ৩২; ডিলানি ২/২১ ও সিমি সিং ২/৩৭)।









