স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার বঙ্গবন্ধু শেখ মুজিব বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হয়েছে শ্রীবরদী উপজেলার ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০ ডিসেম্বর সোমবার বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে বালক ও বালিকাদের ফাইনাল খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
প্রথমে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় শ্রীবরদী উপজেলার মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে নালিতাবাড়ীর যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাল্গুনী আক্তার ফারজানা দলের পক্ষে দুই গোল এবং সানিয়া আক্তার মীম এক গোল করেন। প্রতিযোগিতায় ৪ গোলদাতা ফাল্গুনী আক্তার ফারজানা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় শ্রীবরদীর সরকারদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-১ গোলে ঝিনাইগাতীর ঘাগড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিলো। শ্রীবরদীর পক্ষে অধিনায়ক রিপন ও ঝিনাইগাতীর পক্ষে আক্রমণভাগের খেলোয়াড় মুস্তাকিম বিরতির ৩ ও ৪ মিনিটের মাথায় নিজ নিজ দলের পক্ষে গোল করেন। ঝিনাইগাতীর মাঝমাঠের খেলোয়াড় আনোয়ার হোসেন অনবদ্য নৈপুন্যের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
ফাইনাল খেলা শেষে বিজয়ী বিজিত দলের মাঝে অতিথিরা পুরস্কারের ট্রফি ও মেডেল বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়্যেদ এ.জেড মোরশেদ আলী। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.বি.এম এহছানুল মামুন। ওইসময় জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন কর্মকর্তা, জেলা ক্রীড়া কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তারাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক উপন্থিত ছিলেন।









