শ্যামলবাংলা ডেস্ক : গোটা টুর্নামেন্টে একটি সেট না হেরেও ১১তম মন্টে কার্লো মাস্টার্স জিতেছিলেন রাফায়েল নাদাল। সপ্তাহ না ঘুরতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি করলেন তিনি। এবার কোনো সেট না খুইয়ে ক্যারিয়ারে ১১তম বার্সেলোনা ওপেন জিতলেন এ স্প্যানিশ কিংবদন্তি।
শিরোপার লড়াইয়ে অবশ্য ফেভারিট ছিলেন নাদালই। খেললেনও ফেভারিটের মতো। গ্রিক তরুণ স্টেফানোস সিসিপাসকে উড়িয়ে দিলেন তিনি। ১৯ বছরের তরুণকে হারিয়েছেন ৬-২, ৬-১ সেটে। এ জয়ে ৩১ বছর বয়সী তারকা সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৯ মিনিট।
নাদালের ক্যারিয়ারে এটি ৫৫তম ক্লে কোর্ট শিরোপা। সব মিলিয়ে ৭৭তম ট্রফিজয়। এ কোর্টে তার জয়-পরাজয়ের হিসাব ৪০১-৩৫। সঙ্গত কারণে সর্বকালের সেরা ক্লে কোর্ট তারকা হিসেবে এ টেনিস সেনসেশনের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।
এবার ১১তম ফরাসি ওপেন জয়ের স্বপ্ন দেখছেন ১৬ বারের গ্র্যান্ডস্লামজয়ী রাফা। এটি জিতলেই সর্বকালের সেরা ক্লে কোর্ট তারকা বলে পরিগণিত হতে পারেন তিনি।









