শ্যামলবাংলা স্পোর্টস : ধারাবাহিক সাফল্য মানুষকে কতটা বদলে দেয় সেটা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিককে দেখলেই খানিকটা বুঝা করা যায়। টেস্ট র্যাংকিংয়ের নয় নম্বর দল হয়ে নয় বছর ধরে দেশের বাইরে টেস্ট সিরিজ না হারা একটি দলকে সিরিজ হারানোর কথা বলছেন তিনি। অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স আর চট্টগ্রাম টেস্ট বিবেচনায় নিলে অবশ্য ‘অতিরিক্ত’ কিছু বলেননি টাইগার দলপতি।
কপালের ফেরে চট্টগ্রামে বঞ্চিত হলেও মিরপুরে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জিততে চায় মুশফিকবাহিনী। শেষ টেষ্টের আগের দিন সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শোনালেন পাঁচ দিনের ক্রিকেট বাংলাদেশের অধিনায়ক।
বুধবার মিরপুর স্টেডিয়ামে মুশফিক বলেন, ‘ব্যস্ত একটি মৌসুমের শেষ ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। সবাই খুব ভালো খেলার জন্য মুখিয়ে আছে। মৌসুমটা ভালোভাবে শেষ করার প্রত্যাশা করছি।’
প্রোটিয়াদের মিরপুরে হারানোর কথা বললেও নিজেদের কিছুটা সতর্ক করেছেন মুশফিক। তিনি বলেন, ‘এটা পাঁচ দিনের ম্যাচ, জিততে হলে আমাদের মানসিকভাবে অনেক অনেক শক্ত হতে হবে। আমরা জানি তারাও সর্বোচ্চ চেষ্টা করবে।’
টেস্টে বাংলাদেশ এখনো ধারাবাহিক দল নয়- এমন বাস্তবতা মেনে নিয়েই মুশফিক বলেন, ‘দক্ষিণ আফ্রিকা যতোই পেস নির্ভর দল হোক, উপমহাদেশীয় কন্ডিশনে ঠিকই তারা পরিকল্পনা মতো বোলিং করতে জানে। তবে আমরা যদি মাঠে সব কিছু ঠিকঠাক প্রয়োগ করতে পারি, তাহলে এ টেস্টে আমরাও অনেক ভাল করতে পারবো। এমনকি সিরিজটা আমাদেরও হতে পারে।’
ওইসব আশাবাদের পাশাপাশি ‘মিরপুরের উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে’ বলেই মনে করেন ধারাবাহিক সাফল্যের কারণে ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে পরিচিত এ টাইগার। তবে ‘মিরপুরের উইকেটে সব সময়ই পেসারদের জন্যও কিছু থাকে’ বলে পেসারদেরও নিরাশ করেননি মুশফিক। শেষ টেস্টের আগে একাদশেও পরিবর্তনের খুব একটা বেশি সম্ভাবনা নেই বলে জানালেন সাংবাদিকদের।









