শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার অদূরে আশুলিয়ায় দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির ঘটনার মূলহোতা ও আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষস্থানীয় নেতা মাহফুজুল ইসলাম শামিম ওরফে সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ মে শনিবার মধ্যরাতে রাজধানীর মধ্য বাড্ডার তেতুলতলা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার(এসপি) হাবিবুর রহমান। তিনি জানান, আশুলিয়ায় দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির ঘটনায় অপারেশন টিমের কমান্ডার ছিলেন সুমন। আনসারুল্লাহ বাংলাটিমের অন্যতম নেতাও তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রাতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আশুলিয়ায় দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত মোট ১১জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




