মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : গ্রীস্মের অসহনীয় তাপদাহের সাথে যোগ হওয়া ভ্যাপসা গরমে নওগাঁর মহাদেবপুরের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ অসহনীয় তাপদাহ এবং ভ্যাপসা গরমে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তাপদাহ এবং গরমের প্রচ-তায় মাঠে-ঘাটে ঠিকমত কাজ করতে পারছেনা খেটে খাওয়া মানুষজন। ফলে অনেক পরিবারে দেখা দিয়েছে অভাব-অনটন। এ গরমে ঠিকমত শ্রমিক না পাওয়ায় বেকায়দায় পড়েছেন ক্ষেত-খামার মালিকরা। হাটবাজারগুলোতে লোকসমাগম না থাকায় ব্যবসায়ীরাও পড়েছেন ক্রয়-বিক্রয় সংকটে। এদিকে অব্যাহত থাকা এ তাপদাহ ও ভ্যাপসা গরমে উপজেলার সর্বত্রই দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয় এবং নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট রোগ। নানান রোগে আক্রান্তরা প্রতিদিনই স্থানীয় সরকারী হাসপাতাল, ইউনিয়ন কমিউনিটি কিনিক, বেসরকারী হাসপাতাল, কিনিক এবং ডাক্তারদের প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ আখতারুজ্জামান জানান, এসব রোগে আক্রান্তদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এতে চিকিৎসকরাও হিমশিম খাচ্ছেন। এসব রোগে আক্রান্তদের মধ্যে বিশেষ করে গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধরা বেশ কষ্টের মধ্যে আছেন। তিনি জানান, প্রচ- গরমে সৃষ্ট ঘাম শরীরে বসে গিয়ে শিশুরা নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে। রেহাই পাচ্ছেনা বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। এদিকে তাপদাহ ও ভ্যাপসা গরমে কাজ করতে না পারায় সবচেয়ে বেশি কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। শ্রমিকের কাজ করা মাসুদুর রহমান, ফারুক ও ছহির উদ্দিন জানান, তাদের সংসার চলে প্রতিদিনের রোজগারের উপর। রোজগার বন্ধ হলেই সংসারে নেমে আসে দুর্ভোগ। এ দুর্ভোগের সময়গুলোতে বস্ত্র ও ওষুধসহ সংসারের অন্যান্য প্রয়োজন মেটানো দূরে থাক, ঠিকমত চাল, ডাল এবং তরিতরকারীই জোটেনা। অসহ্য তাপদাহ এবং গরমে তারাসহ তাদের মত অনেকেই এখন সেরকম কষ্টে আছেন।




