নকলা (শেরপুর) প্রতিনিধি : দেশের সব’কটি উপজেলাতে ১টি করে সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব মো: নজরুল ইসলাম খান। ১০ মে রবিবার বিকেলে শেরপুরের নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন অত্যাধুনিক একাডেমিক ভবন উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এক কথা বলেন। তিনি আরও বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাশ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করার জন্য ইতিমধ্যে প্রায় সব প্রতিষ্ঠান থেকে শিক্ষকদেরকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ করানো হয়েছে। সকল শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়া শেষ না হওয়া পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। নকলার বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং মহা বিদ্যালয়ের প্রধান, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে শিক্ষার গুণগত মান উন্নয়নের উপর প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা জানান। শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি শিক্ষা সচিব মো: নজরুল ইসলাম খানসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী দেওয়ান হানজালা, জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, নকলা উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালন পর্ষদের সভাপতি ডা. বিল্লাল আলম প্রমুখ। উদ্ভোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো: সামিউল হক মুক্তা।




