ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটি-খাটুয়াপাড়া রাস্তা’র বামনতলী বিলে ৪৪ বছরেও নির্মিত হয়নি ব্রিজ। ফলে এ রাস্তায় যাতায়াতকারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, দেশ স্বাধীনের পর থেকে এ বিলের উপর একটি ব্রীজ নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। এ ব্রীজটি নির্মাণের জন্য বহুবার বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। রাঙ্গামাটি খাটুয়াপাড়া, কলসপাড়, গাজীরখামাড়, কুড়ালীয়াকান্দা ও তাতালপুরসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এ রাস্তাটি। এখানে একটি ব্রিজের অভাবে ওইসব এলাকার ইসকুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে পথচারীদের নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত কৃসিপণ্য সঠিক সময়ে বাজারজাত করতে পারছে না। মালিঝিকান্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমের উদ্দিন এখানে একটি কাঠের সেতু নির্মাণ করে দেন। বছরখানেক না যেতেই তা জরাজীর্ণ হয়ে পড়ে। এরপর প্রশাসনিকভাবে তা আর সংস্কার করা হয়নি। কোমলমতি ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রাঙ্গামাটি খাটুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাকিম ব্যক্তিগত উদ্যোগে সেতুটি সংস্কার করে কোনরকমে যাতায়াত ব্যবস্থা চালু রেখেছেন। তবে এ সেতুটিরও নড়বড়ে অবস্থা। যে কোন মূহূর্তে সেতুটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের যাতায়াত করতে হচ্ছে। এব্যাপারে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বলেন, প্রাক্কলন অনুযায়ী এখানে ব্রিজ নির্মাণ করতে গেলে প্রায় ২ কোটি টাকার প্রয়োজন। তাই আপাতত কাঠের সেতু নির্মাণের প্রস্তুতি নেয়া হয়েছে।




