স্টাফ রিপোর্টার : শেরপুরে স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র উদ্যোগে দু’জন পেশাদার শিকারীর কাছ থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির দু’টি তিলাঘুঘু উদ্ধার করা হয়েছে। ২২ মার্চ রবিবার সকালে শহরের থানা মোড় থেকে ওই ঘুঘু দু’টিকে উদ্ধার করা হয়। সেই সাথে তাদের পাখি শিকারের সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।

জানা যায়, ২২ মার্চ রবিবার সকালে থানা মোড় এলাকায় পাখি শিকারের সরঞ্জাম ও দু’টি তিলাঘুঘুসহ অবস্থান করছিল নকলা উপজেলার সিঙ্গুয়া গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে আমির উদ্দিন ও আওয়াল মিয়ার ছেলে ফিরোজ মিয়া। ওই খবর পেয়ে শেরপুরের শাইন্’র নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি ওই জায়গায় ছুটে গিয়ে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে তাদের আটক করেন। পরে ঘুঘু দু’টিকে আকাশে অবমুক্ত ও পাখি শিকারের সরঞ্জামাদি ধ্বংস করে ফেলেন। একইসাথে ভবিষ্যতে বন্যপ্রাণী শিকার না করার শর্তে আটক ওই দুই শিকারীকে ছেড়ে দেওয়া হয়। তারা বহুদিন থেকে বক, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করে আসছিলেন বলে জানা যায়।




