ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কৃষকদের প্রাণের দাবি বহু প্রতিক্ষিত মহারশি নদীতে রাবার ড্যাম নির্মাণ কাজ শুরু হয়েছে। মহারশি নদীর নলকুড়ায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে এলজিইডি’র তত্ত¡াবধানে ওই রাবার ড্যাম নির্মাণ কাজ হচ্ছে। এটি নির্মিত হলে এলাকার অনাবাদী হয়ে থাকা প্রায় ৫ হাজার হেক্টর জমি অতিরিক্ত আবাদের আওতায় আসবে।

জানা যায়, দেশ স্বাধীনের পর থেকে সীমান্তবর্তী এ উপজেলার কৃষকরা ওই রাবার ড্যামটি নির্মাণের দাবি করে আসছিল। মহারশি নদীতে একটি রাবার ড্যাম নির্মাণের অভাবে যুগ যুগ ধরে বোরো মৌসুমে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে থাকে। ফলে মহারশি নদীতে রাবার ড্যাম নির্মাণের দাবি উঠে। এ দাবি কৃষকদের প্রাণের দাবিতে পরিণত হয়। ওই দাবি পূরণে দীর্ঘ সময়ে বিভিন্ন সরকারের আমলে আশ্বাসও দেয়া হয় কৃষকদের। কিন্তু সে আশ্বাস শুধু আশ্বাসই থেকে যায়। বাস্তবে রূপ নেয়নি। বর্তমান সরকারের মেয়াদে কৃষকদের অনাবাদি জমি আবাদযোগ্য করতে কৃষকদের দাবির প্রতি সাড়া দিয়ে ওই রাবার ড্যাম নির্মাণ কাজ হাতে নেওয়া হয়।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী আমির আলী ও ঠিকাদার মোঃ রুবেল মিয়া জানান, বর্ষার পূর্বেই নিচের কাজ সম্পন্ন করা হবে। এছাড়া যত দ্রুত কাজ শেষ করা যায়, সে জন্য যাবতীয় পরিকল্পনা রয়েছে। অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কোরবান আলী বলেন, রাবার ড্যামটি নির্মাণ করা হলে এ উপজেলার অনাবাদি প্রায় ৫ হাজার হেক্টর জমি আবাদের আওতায় আসবে।




