শ্যামলবাংলা ডেস্ক : ৪১৮ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। ১৬ আগস্ট রবিবার সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১০১১ ফ্লাইটটি ছেড়ে যায়। ওই সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও দুই মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিদায় জানান। আজ হজযাত্রীদের আরো তিনটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে বলে জানান হজ ফ্লাইটের কর্মর্কতা মিজানুর রহমান। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনাস্থ হজ ক্যাম্পে হজ কার্যক্রম ২০১৫ উদ্বোধন ঘোষণা করেন।
প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ১,০১,৭৫৮ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ২ হাজার ৬০০ জন। বাকি ৯৯,১৫৮জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় এ বছর বিমানে যাবেন মোট ২,৫৭৫ জন হজযাত্রী। অবশিষ্ট ৪৮,৪২৫জন বেসরকারি ব্যবস্থাপনায় জেদ্দা যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২২ সেপ্টেম্বর সৌদি আরবে হজ শুরু হতে পারে।









