আমতলী (বরগুনা) প্রতিনিধি : তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুর মোহম্মদ মাস্টার ভিজিডি ও জেলেদের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সদস্য মো. রেদওয়ান সরদারকে বেধড়ক পিটিয়েছে চেয়ারম্যান ও তার পুত্র মামুন। ওই ঘটনার প্রতিবাদে কড়াইবাড়িয়া বাজারে বিক্ষুদ্ধ জনতা জুতা ও ঝাড়ু মিছিল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
জানা গেছে, ইউনিয়নের ১৩৯ জন হতদরিদ্র পরিবারকে পরিবার প্রতি ৩০ কেজি করে ভিজিডি ও ১০৫ জন জেলেদের জন প্রতি ৪০ কেজি করে ৮ হাজার ৩৭০ কেজি চাল বরাদ্ধ হয়। এ চাল বিতরণের জন্য বৃহস্পতিবার তালতলী খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করেন। ঐদিন ভুক্তভোগীরা চাল নিতে আসলেও চেয়ারম্যান শুক্রবার বিতরণের কথা বলে ইউনিয়ন পরিষদে রেখে দেয়। শুক্রবার সন্ধ্যায় চাল বিতরণ কালে ভিজিডি এর জনপ্রতি ৩০ কেজির পরিবর্তে ২২ কেজি ও জেলেদের চাল জনপ্রতি ৪০ কেজির পরিবর্তে ৩২ কেজি বিতরণ শুরু করেন। এ সময় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেদওয়ান প্রতিবাদ করলে তাকে চেয়ারম্যান ও তার পুত্রসহ ৭-৮ জন লোক পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার প্রতিবাদে চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্দে কড়াইবাড়িয়া বাজারে ভুক্তভোগীসহ এলাকার লোকজন জুতা ও ঝাড়- মিছিল করেছে। এনিয়ে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মাস্টারের সাথে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেনি।
তালতলী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত। শুক্রবার দুপুরে এ চাল আনা হয়েছে। আগামী দিন (শনিবার) উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হবে। তিনি আরো বলেন এটা নিছুক নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। আহত ইউপি সদস্য রেদওয়ান সরদারকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।




