আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় দুই আ’লীগ নেতা হত্যা মামলায় ইউপি সদস্যসহ ৭ জামায়াত-বিএনপি কর্মীকে পুলিশ আটক করেছে। নির্বাচনপূর্ব সহিংসতায় যুবলীগ নেতা মাহবুর রহমান বাবু ও আ’লীগ নেতা আজহারুল ইসলাম আজু হত্যা মামলায় তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার বসন্তপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোকলেছুর রহমান (২৫), ছলিমপুর গ্রামের আফছারউদ্দিন খাঁর ছেলে আলিফউদ্দিন খাঁ (৫০), খোরশেদ মোড়লের ছেলে তোতা মিয়া (১৯), মৃত. কেরামত আলীর ছেলে মোহাম্মাদ আলী খাঁ (৫৫), মেহমানপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জহিরুল হক (৪৫), রায়টা গ্রামের রহমতুল্য¬ার ছেলে জামিরুল ইসলাম মেম্বার (৫০) এবং গোপিনাথপুর গ্রামের নোয়াব আলীর ছেলে নূর মোহাম্মদ গাজী (৪৫)। আটককৃতরা সকলে বিএনপি-জামায়াতের কর্মী বলে জানা গেছে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীররাতে থানা পুলিশের একটি দল আসামীদের বাড়ি থেকে আটক করে। পৃথক দুটি মামলায় তাদের আটক দেখানো হয়েছে বলে জানা গেছে।
কলারোয়া সীমান্তে যৌন উত্তেজক ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া সীমান্তে যৌন উত্তেজক ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, শুক্রবার গভীররাতে উপজেলার কেঁড়াগাছির চারাবাড়ি সীমান্তে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা ৫০ বোতল ফেনসিডিল ও ২হাজার ৫’শ পিচ ডাবল হর্স পাওয়ার যৌন উত্তেজক ট্যাবলেট এবং কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ভাদিয়ালীর সোনাই নদীর পার থেকে ১২০ মিটার থান কাপড় ও ১টি বাইসাইকেল উদ্ধার করে উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২লাখ ৩৩হাজার টাকা।
কলারোয়ায় প্রয়াত সাংবাদিক শফির স্মরণসভা অনুষ্ঠিত
কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক শফিকুল ইসলাম শফির ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার অফিসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংস্থার সভাপতি আনোয়ার হোসেন, সা. সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, মনিরুল ইসলাম মনি, শেখ জিয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১১ সালের ২ এপ্রিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রয়াত চিকিৎসক খোদা বক্স’র মেজো ছেলে সাংবাদিক শফিকুল ইসলাম শফি। এদিকে, প্রয়াত সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন কলারোয়া প্রেসক্লাবের সকল সদস্য।

আ’লীগ নেতা আনোয়ার হোসেন কলারোয়ার চন্দনপুর মাদরাসার সভাপতি নির্বাচিত
কলারোয়ার চন্দনপুর দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আ’লীগ নেতা আনোয়ার হোসেন। এলক্ষ্যে তাকে অভিনন্দন জানিয়েছেন আ’লীগ নেতা আলহাজ্ব অধ্যাপক রুস্তম আলী, হাসান মাসুদ পলাশ, এমএ ওয়াদুদ, আবুল হোসেন, এমএ মাসুদ রানা, হারুন-অর-রশিদ, নয়ন, ডালিম, আ. লতিফ মিঠু, বদরুজ্জামান, ডা. আ. রহমান, মাদরাসার সুপার মাছুম বিল¬্যাহ প্রমুখ।




