শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় এখন আর ১৯ দলে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দাকে সঙ্গে নিয়ে তারা (বিএনপি) এখন ২০ দলীয় জোটে পরিণত হয়েছে। তিনি ৩ মার্চ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিউটির (ডিআরইউ) বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মরহুম আলমগীর কুমকুমের স্মরণ সভা ও চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে ওই কথ বলেন।

রাজবাড়ীর জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘ভূতের মুখে রাম রাম’ শুনছি। জঙ্গিদের পাশে বসিয়েই তিনি বলছেন, দেশে জঙ্গিদের স্থান নেই। এটা তামাশা ছাড়া আর কি?
‘উপজেলা নির্বাচনের পর কঠোর আন্দোলন হবে’- বিএনপি চেয়ারপারসনের এমন হুমকির প্রতিবাদে তিনি বলেন, খালেদা জিয়া উপজেলা নির্বাচনের পর আন্দোলনের ঘোষণা দিয়েছেন, তার মানে তিনি আবার মানুষের ওপর পেট্রোল বোমা, ককটেল মেরে সাধারণ মানুষকে হত্যা করতে চাইছেন। সেই সুযোগ আর দেওয়া হবে না। নতুন সরকার দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনেছে দাবি করে সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, দেশে কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে। বিএনপি দেশি-বিদেশি জঙ্গিদের নিয়ে দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে তিনি দেশের জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।
কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মোহাম্মদ নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ফারুক, সিনিয়র সহ- সভানেত্রী চিত্রনায়িকা দিলারা জামান, চিত্রনায়ক ড্যানি সিডাক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়।




