নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৩ ফেব্রুয়ারী রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা সহকারী রিটানিং অফিসার ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারেরর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সহকারী রিটানিং অফিসার ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম উকিল ও সাধারন সম্পাদক মোকলেছুর রহমান লেবু, বিএনপি সভাপতি নূরল আমিন, সম্পাদক আশরাফ আলী, ফজলুর রহমান তারা, মো. আব্দুলাহ ও মোকলেছুর রহমান রিপন মনোনয়ন দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আনোয়ারুল মঞ্জিল, মোস্তাক আহম্মেদ মধু, আসাদুজ্জামান আসাদ, জাকারিয়া ইবনে আওয়াল সজিব এবং বিএনপির হাবিবুর রহমান লিটন, রেজাউল করিম বুলবুল, হারুনুর রশিদ বাচ্চু, মনিরুল ইসলাম মনির এবং জাসদের লাল মোহাম্মদ শাহজাহান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বি হলেন আওয়ামী লীগের আসমত আরা আসমা এবং বিএনপির ফাতেমা সরকার।
২৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই ও ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার শেষে আগামী ২৩ মার্চ এ উপজেলার ১ লাখ ৭১ হাজার ৯শ ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




