নেত্রকোনার কলমাকান্দায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানিয়েছেন, এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার লেংগুড়া ইউপির গোয়াতলা গ্রামের আবু বকর (১৭), মাসুদ মিয়া (১৭) এবং গোবিন্দপুর গ্রামের সুমন মিয়া (২৩)। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে একসঙ্গে ছয়টি মোটরসাইকেলে করে কিছু যুবক সড়ক অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন দুর্ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

এ ছাড়া এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।









