মোঃ ফরিদুজ্জামান, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ জানুয়ারী শনিবার ভোররাতে উপজেলার লংগরপাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে ১২টি দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে ভাটি লংগরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহাগ (১৮) ও বাচ্চু মিয়ার ছেলে জনি মিয়া (১৯)। এব্যাপারে শ্রীবরদী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

জানা যায়, এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল লংগরপাড়া বাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর টহলরত অবস্থায় থাকাকালীন সময়ে একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে রাস্তার পাশে অবস্থান করছিল। এসময় শ্রীবরদী থানার এসআই আবুল কালাম আজাদ টের পেয়ে তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে ১০টি রামদা ও ২টি ডেগারসহ ২ ডাকাতকে গ্রেফতার করে। এব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




