স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নির্বাচনকালীন সরকারের কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ শেরপুরের ৩টি আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটাধিক্যে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বেসরকারী ফলাফল অনুযায়ী শেরপুর-১ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক ১শ ৪০টি কেন্দ্রের মধ্যে স্থগিত একটি কেন্দ্র ব্যতীত ১শ ৩৯ টি কেন্দ্রে ২ লক্ষ ৭ হাজার ৩শ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জাসদ প্রার্থী মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ৬ হাজার ৪শ ১৭ ভোট। এ নিয়ে ১৯৯৬ সনের নির্বাচন থেকে দশম সংসদ নির্বাচন পর্যন্ত তিনি টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১শ ৩৪টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বেগম মতিয়া চৌধুরী ১ লক্ষ ৩৪ হাজার ৮শ ১২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আনারস প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৬ হাজার ১৫। এ নিয়ে মতিয়া চৌধুরী এ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ১শ ১৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত একটি কেন্দ্র ব্যতীত ১শ ১৮ টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন পেয়েছেন ৯৬ হাজার ৩শ ৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি, আপন ভাতিজা ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হেদায়েতুল ইসলাম হেদা পেয়েছেন ৮ হাজার ৫শ ৪৮ ভোট। এ নিয়ে তিনি পরপর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।




