শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আমেরিকা প্রবাসী তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় দেশে ফিরছেন। ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ওই তথ্য নিশ্চিত করেছেন।
জয় এবারের সফরে মূলত: জাতীয় নির্বাচনকেন্দ্রিক প্রচার-প্রচারণার কার্যক্রম তদারকি করবেন। এর আগে রমজান মাসে দেশে ফিরে তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ, সামাজিক কর্মকাণ্ড, টেলিভিশন সাক্ষাৎকারসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে দেশের নেতা-কর্মী ও জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। বেড়ে যায় আওয়ামী লীগসহ তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা।
গণভবনের একটি সূত্র জানিয়েছে, জয় এবারের সফরে বেশ কিছুদিন দেশে অবস্থান করবেন। সেইসাথে তিনি নির্বাচনী কাজে রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা সফর করার পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির কাজে সমন্বয় করবেন। সাহায্য করবেন প্রচার সেলের কাজেও।




