শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর তোপখানা রোডে অস্ত্র ও ইয়াবা বহনের সময় এক যুবককে আটক করেছে। ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে রমনা থানাধীন রাজধানীর তোপখানা রোডের একটি ভবনে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে মো. রনি (২৯) নামে ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, দু’টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি এবং ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে রমনা থানার এসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তোপখানা রোডের পিডব্লিউডি সার্কিট হাউজের ৭১/এ নম্বর ভবন থেকে অস্ত্র ও ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়। অবৈধ অস্ত্র এবং ইয়াবা ব্যবসায়ের সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা আছে কিনা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া, রমনা থানায় রনির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
অভিযানকালে মাদকদ্রব্য অধিদপ্তরের রমনা জোনের সহকারি পরিচালক লুৎফুর রহমান, রমনা থানার তদন্ত অফিসার একে সাইদুল হক ভুইয়া ও এসআই মজিবুর অংশ নেন।




