পাবনা প্রতিনিধি : ঈশ্বরদীতে পাবনা রোড়ের মুনলিট স্কুলের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আর এম তোয়ালেবুল ইসলাম রুশো (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শোভন নামের আরও এক মোটরসাইকেল আরোহী। ২৩ আগস্ট শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শহরের আলহাজ মোড় থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি গ্রামীণ ফোনের ঈশ্বরদী-আটঘোরিয়া জোনের এজেন্ট-কাম রিটেইলার ছিলেন। রুশো শহরের শাহানুর হার্ডওয়ারের মালিক মৃত শাহানুর হোসেনের ছেলে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে নয়টার দিকে শহরের আলহাজ মোড় থেকে বাসায় ফেরার সময় পাবনা রোডের মুনলিট স্কুলের সামনে রুশোর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সামনে ধাক্কা লেগে উল্টে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনার পরপরই দু’জন মোটরসাইকেল আরোহীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঈশ্বরদী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আজমীরি বেগম জানান, মারাত্বক আহত অবস্থায় হাসপাতালে আনার পর রাত ১০টার দিকে রুশো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে রুশোর স্ত্রী আমেরিকায় অবস্থানের কারণে রুশোর লাশ বগুড়া হিমঘরে রাখা হয়েছে। পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, রুশোর স্ত্রী দেশে ফেরার পর সোমবার তার জানাযা হবে।




