শ্যামলবাংলা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরকারদলীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলুকে শনিবার বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টায় নিহত গোলাম সবুরের সাভারস্থ ব্যবসা প্রতিষ্ঠান মধুমতি টাইলস ফ্যাক্টরিতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনের নিজ বাসায় দ্বিতীয় জানাজা এবং বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার কফিনে শ্রদ্ধার্ঘ অর্পন করেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সাংসদ টুলুর লাশ নিয়ে যাওয়া হয় বরগুনায়। সেখানে বাদ জোহর পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দাফনের জন্য লাশ নিয়ে যাওয়া হয় বনাানী কবরস্থানে।
উল্লেখ্য, পারিবারিক জীবনে স্ত্রী ও ৩ কন্যা সন্তানের অধিকারী সাংসদ গোলাম সবুর টুলু বাংলাদেশের অন্যতম টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুমতি টাইলস (প্রাঃ) কোং লিঃ এর চেয়ারম্যান ছিলেন। প্রতিবছর ঈদ ও কুরবানীতে নিজ গ্রামের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপধন গ্রামের স্বজনদের সাথে সময় কাটাতেন। রোববার মধুমতি টাইলসেÍ কাজে চীন যাওয়ার কথা ছিল তার। চীন থেকে ফিরে এবারও নিজ গ্রামে ঈদ কাটানোর কথা ছিল বলে জানান পাথরকাটা উপজেলা আঃ লীগ সেক্রেটারী আলমগীর হোসেন। এরই মধ্যে শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংসদ গোলাম সবুর টুলু ও গাড়িচালক সগীর। এ সময় গাড়িতে থাকা তার বড়ভাই জাতীয় দলের সাবেক খোলোয়ার গোলাম মুহিত (৬৪), পাথরঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, ব্যক্তিগত কর্মকর্তা শহিদুল ইসলাম গুরুতর আহত হন।
এদিকে সাংসদ গোলাম সবুর টুলুর আকস্মিক মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ সমগ্র বরগুনায় শোকের ছায়া বিরাজ করছে। এলাকায় তার নামাজে জানাজায় দলমত নির্বিশেষে সকল শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।




