আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। ১৬ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১টার পর হাইকোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। হাজারের বেশি শিক্ষার্থী ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন তারা।

পরে বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট মাজার গেট এসে পৌঁছান শিক্ষার্থীরা।
কর্মসূচিতে সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী বিচারকদের ঠিকানা হাইকোর্টে হবে না। আওয়ামীলীগের বিচারপতিদের পদত্যাগ না করা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চলবে। এসময় শিক্ষার্থীরা, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনী হাসিনার ফাঁসি চাই’; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; স্বৈরাচারের দালালেরা, হুশিয়ার সাবধান’; ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, হাইকোর্ট ঘেরাও হবে’; দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আগে থেকেই হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দিয়ে রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার রাতে তাদের ফেসবুকে ওয়ালে দুই সমন্বয়ক লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল বেলা ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। বেলা ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসঙ্গে হাইকোর্ট অভিমুখে যাত্রা৷ আবারো কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগ দাবি করে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ ছাড়া সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছেন।




