পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী বিমান বন্দর সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক মোঃ জাফর উলাহ। বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির স্থানীয় অফিস উদ্বোধন শেষে তিনি জাতীয় ও স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির স্থানীয় সভাপতি খন্দকার আব্দুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির কেন্দ্রিয় সভাপতি সিরাজুল ইসলাম, সমিতির কেন্দ্রিয় সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক ছিদ্দিকুর রহমান কূল ময়েজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সমিতির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী ওরফে কপি বারী, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক জাহিদুল ইসলাম ওরফে গাজর জাহিদ, জাতীয় কৃষি ডায়রী ভুক্ত কৃষক আব্দুল জলিল লিচু কিতাব, জাতীয় কৃষি ডায়রী ভুক্ত কৃষক পাম্প মঞ্জুর, জাতীয় কৃষক আব্দুল কাদের ওরফে কলা কাদের ও কৃষাণী বেলী বেগম প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, এবছর কৃষকের দেয়ালে পিঠ ঠেকে গেছে। হরতাল ও অবরোধের কারণে পরিবহণ ভাড়া বৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য পানির দরে বিক্রি করতে হয়েছে। সঠিক মূল্যে কৃষি পণ্য বিক্রি করতে না পারায় অনেক কৃষক ব্যাংক ও এনজিও’র ঋণ পরিশোধ করতে পারছেন না। কৃষকদের বাঁচাতে হলে ব্যাংক ও এনজির সুদ মওকুফ করে ঋণ পরিশোধের সময় সীমা বৃদ্ধি করার জন্য মতবিনিময় সভা থেকে কৃষকেরা আহবান জানান। বক্তারা আরও বলেন, অনেক কৃষক এবার তাদের উৎপাদিত পণ্য মাঠ থেকে তুলতে পারেনি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচাও দেশ বাঁচাও। বীজ, কৃষি উপকরণ, রাসায়নিক সার, কীটনাষক ও জ্বালানী তেলের মূল্য কমানোর জন্য মতবিনিময় সভা থেকে সরকারের কাছে দাবি তোলা হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জাফর উলাহ উপস্থিত ২০০জন শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।




