স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জিয়াউল হাসান (৩৪) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২২ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ওই দন্ড প্রদান করেন। জিয়াউল নকলা উপজেলার কায়দা গ্রামের চাঁন মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে জিয়াউল হাসান বহিরাগত হিসেবে কেন্দ্রের ভেতরে অনুপ্রবেশ এবং এক প্রার্থীর পক্ষে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি ওই কেন্দ্রে অবস্থানরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মেহেদী হাসানের নজরে আসে। তাৎক্ষণিকভাবে আদালত জিয়াউলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জিয়াউলকে নালিতাবাড়ী থানায় প্রেণে করা হয়।




