অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে বরিশালের আগৈলঝাড়ায় নসিমন করিমন বন্ধে বুধবার দুপুর থেকে মাঠে নেমেছে পুলিশ। আটক করেছে ১৯টি অবৈধ যানবাহন। মূহুর্তের মধ্যে মোবাইল ফোনে গাড়ি আটকের খবর জানাজানি হলে উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকার সড়কগুলো নসিমন, করিমন, ইজিবাইক মুক্ত হয়ে পরে। বুধবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক ও ভটভটি আটক করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, এক রিট আবেদনের প্রাথমিক শুনানী শেষে গত ১৫ সেপ্টেম্বর হাইকের্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। রায়ে দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা, মাদারীপুর, ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন সড়কে অবৈধ নসিমন, করিমন, ভটভটি, মাহেন্দ্র এবং ইজিবাইক চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়। আটক যানবাহন মালিকরা জানান, সরকার তাদের গাড়ি চালানো বন্ধ করে দিলে তারা বেকার হয়ে পড়বে। রুটি-রুজির পথ বন্ধ হলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে তাদের।

আগৈলঝাড়ায় বিশ্বকর্মা পূজা এবং নৌকা বাইচ অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়ার ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানাসহ হিন্দু বাড়িতেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা বুধবার যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর প্রচলিত পঞ্জিকামতে, ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা উপলক্ষে সকালে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মীয় রীতি অনুযায়ী পুরোহিত দিয়ে পূজা-অর্চনা শেষে প্রসাদ বিতরণ করেন। বিকেলে বিভিন্ন এলাকার খালে ও নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়ায় মামলা তুলতে বাদীকে আসামীদের হুমকি
বরিশালের আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে আদালত থেকে জামিনে আসা আসামীরা। আসামীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
মামলাসূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের শামিম বক্তিয়ারের মেয়ে বাগধা কলেজের ছাত্রী স্বপ্না সুলতানা (১৯) ও একই এলাকার নওয়াব আলী বক্তিয়ারের ছেলে মইনুল বক্তিয়ার (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দু’জনে কালেমা পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঘটনাটি এলাকায় মানুষের মাঝে জানাজানি হলে কয়েক দফা সালিশ বৈঠক বসেও তাতে কোন সমাধান হয়নি। একপর্যায়ে ছেলে মইনুল বিয়ের কথা অস্বীকার করে। এরপরে গত ২ আগস্ট শনিবার রাতে স্বপ্না সুলতানা ঘরের ভিতরের বই পড়ার কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে ঘরের পিছনের বারান্দায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এরপরে স্বপ্নার পিতা শামিম বাদী হয়ে গত ৩ আগস্ট আগৈলঝাড়া থানায় মইনুল বক্তিয়ারকে প্রধান আসামীসহ আরও ৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধনী/০৩ এর ৯-ক/৩০ ধারায় একটি মামলা দায়ের করে। আসামীরা আদালতে জামিনের আবেদন করলে আদালত ৫জন আসামীর জামিন না মঞ্জুর করেন। ১নং আসামী জেলহাজতে থাকলেও কিছুদিন পূর্বে শাহআলম বক্তিয়ার, কাইয়ুম, রহিমা বেগম, জহিরুল আদালত থেকে জামিনে এসে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য আব্যহত হুমকি দিয়ে আসছে বলে বাদী অভিযোগ করেন।




