মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদকসহ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত নেতৃবৃন্দকে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা প্রদান সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক অ্যাড. আসাদুল আযম খোকন। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূনঃউদ্ধার আন্দোলনে এ বিজয় অনুপ্রেরণা জোগাবে’। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান, কৃষকদলের সভাপতি আব্দুর রব মাষ্টারসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

কুতুবপুর ইউপি আ’ লীগ মেহেরপুর এমপিকে সংবর্ধনা দিয়েছে
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত কমিটির পক্ষ থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বেলা ১২ টায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেনের বাসভবনে তাকে সংবর্ধনা দেয়া হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংবর্ধিত নেতা প্রফেসর ফরহাদ হোসেন এম পি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা হীরা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাষ্টার, সাধারণ সম্পাদক বাবলু, মহিলা বিষয়ক সম্পাদিকা জলি প্রমুখ। এর আগে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত কমিটির পক্ষ থেকে মহিলা বিষয়ক সম্পাদিকা জলি মুখে মিষ্টি তুলে দিয়ে এবং সভাপতি ইদ্রিস আলী মাষ্টার ও সাধারণ সম্পাদক বাবলু ফুলের তোড়া তুলে দিয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেনের সংবর্ধনা দেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

মেহেরপুরে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের টাকা বিতরণ
প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের এক লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন ওই টাকা বিতরণ করেন।
দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন তার মেহেরপুরস্থ কার্যালয়ে উপস্থিত থেকে মেহেরপুর শহরের বেড়পাড়ার তোফাজ্জেল হোসেনকে ৫০ হাজার টাকা, মুখার্জীপাড়ার আব্দুর রশিদকে ৩০ হাজার টাকা, সদর উপজেলার শোলমারি গ্রামের খোদা বক্সকে ৩০ হাজার টাকা, পিরোজপুর গ্রামের রমজান আলীকে ৩০ হাজার টাকা ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আমানুল্লাহ পাতাকে ৫০ হাজার টাকা প্রদান করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুরে ২০১৪ সালের হজ্জ পালনকারীদের সংবর্ধনা প্রদান
মেহেরপুর জেলা হাজি সমিতির উদ্যোগে গতকাল শনিবার ২০১৪ সালের হজ্জ পালনকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। বেলা ১১টায় মেহেরপুর টাউন হল রুমে জেলা হাজি সমিতির সভাপতি আলহাজ হিকমত আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ মোঃ গোলাম রসুল, আলহাজ আসকার আলী, আলহাজ মোঃ আবু বক্কর সিদ্দিক, আলহাজ মোঃ আলী হোসেন, আলহাজ নূরুদ্দীন, আলহাজ আব্দুল আজিজ, আলহাজ ওবাইদুল্লাহ, আলহাজ সামসুল আলম প্রমুখ।
মেহেরপুর প্রথম বিভাগ ফুটবলে রাইপুর জাগরণী ক্লাব জয়ী
মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) উদ্যোগে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় মেহেরপুরে অনুষ্ঠিত শেখ কামাল-নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় রাইপুর জাগরণী ক্লাব জয়লাভ করেছে।
গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় রাইপুর জাগরণী ক্লাব ২-০ গোলে আশরাফপুর জনকল্যাণ ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী দলের পারভেজ ও মানিক একটি করে গোল করেন।
মেহেরপুর মার্কাস মসজিদ পাড়ায় চোরের উপদ্রব বৃদ্ধি
মেহেরপুর শহরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। শহরের মার্কাস মসজিদ পাড়ায় প্রায় দিনে-রাতে হচ্ছে চুরি। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতংক। প্রতিকারে এলাকাবাসী মেহেরপুর পুলিশ সুপারের সাথে মত বিনিময় করছেন।
এলাকাবাসী জানায়, গত এক সপ্তাহে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক ওই এলাকার ভাড়াটিয়া আব্দুল মতিনের বাড়িতে দিনের বেলা সংঘবদ্ধ চোর প্রবেশ করে সেলাই মেশিন, মোবইল ফোন ও কাপড়-চোপড়সহ কয়েক হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বাড়িতে লোকজন না থাকার সুবাধে একইপাড়ার সহকারি শিক্ষক শরিফ আহমেদ’র বাড়িতে চোর প্রবেশ করে ৫ ভরি সোনার গহনা, নগদ ১০ হাজার টাকা ও বেশ কিছু শাড়ী চুরি করে পালিয়ে যায়। একইপাড়ার মৃত জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশ করে মোবাইল, শাড়ি ও কয়েক হাজার নগত টাকা চুরি করে নিয়ে যায়। রাজ মিস্ত্রি গোলাম মোস্তফার বাড়িতে প্রবেশ করে চোর এক জোড়া সোনার দুল, একটি মোবাইল ও নগদ ৩ হাজার টাকা চুরি করে নিয়ে।
এদিকে এধরনের চুরির প্রতিকারে মার্কাস মসজিদের ইমাম মাসুদ আহমেদের নেতৃত্বে এলাকাবাসী পুলিশ সুপার হামিদুল আলমের সাথে দেখা করেন। এসময় পুলিশ সুপার বলেন, এলাকায় নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে এলাকাবাসীকে নিজ এলাকায় নিজ দায়িত্বে পাহারা দেয়ার কথা বলেন ও সজাগ থাকতে বলেন। তবে এপর্যন্ত চোরকে আটকের খবর পাওয়া যায়নি।









