সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় শত্রুতা বশতঃ রাস্তায় বেড়া দেওয়ায় দূর্ভোগে পড়েছে ওই এলাকার শত শত সাধারণ মানুষ। এক দিকে বাগান করে বিভিন্ন জাতের সবজী চাষ করছে আব্দুল কাদের। অপর দিকে আবু সাঈদের নব নির্মিত ভবনের কাজ চলছে। কথা ছিল জনগণের চলাচলের জন্য দুজন রাস্তার অর্ধেক করে জায়গা ছাড়বে। কথা মতো জায়গা ছেড়ে দিয়েছিল দুজনই। যথারীতি মানুষের চলাচলও স্বাভাবিক হয়েছিল। কিন্তু শত্রুতা বন্ধ করে দিয়েছে মানুষের যাতায়াত। রাস্তার মাঝে পর্যায়ক্রমে ৩টি বেড়া দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোন ধরনের যানবাহনতো দূরের কথা মানুষ চলাচলের কোন সুযোগ নেই। ঘটনাটি ঘটেছে নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বারনই নদীর উপর নির্মিত ব্রীজের উত্তর পার্শ্বে সংযোগ সড়কের রাস্তা নিয়ে। মাত্র ২০ গজ রাস্তার জায়গা ছাড়া নিয়ে দুজনের মধ্যে শত্রুতায় শত শত মানুষের দূর্ভোগ এখন চরম পর্যায়ে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি কার কথায় কর্নপাত না করে সম্পূন্ন বন্ধ করে দেওয়া হয়েছে ঐ রাস্তাটি।
জানা যায়, উপজেলা বন্দর হাটের পার্শ্বে বারনই নদীর উপর ২০০৫ সালের দিকে ব্রীজটি নির্মিত হওয়ার পর থেকে শত শত মানুষ যাতায়াত করে আসছিল ঐ রাস্তা দিয়ে। সম্প্রতি ঐ গ্রামের আবু সাঈদ বাড়ি নির্মাণ শুরু করলে বাধসাধে প্রতিপক্ষ আব্দুল কাদের। মাপ যোগ অনুযায়ী রাস্তার বেশি অংশ তার বলে দাবী করে রাস্তায় বেড়া দিয়ে সম্পূর্ন বন্ধ করে দেয়। তবে আবু সাঈদের দাবী সংযোগ সড়কের বেশি অংশ তার দেয়া। পরে কিছু অংশ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। আবু সাঈদ আরো বলেন ঐ অংশ ছেড়ে দিলে তার পরিকল্পনা অনুযায়ী বাড়ি নির্মাণ হবে না। বাড়ির পরের অংশ পানি উন্নয়ন বোর্ডের।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল এর সাথে ফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, বিষয়টি আমি জানি, যেহেতু উভয়েরই ব্যক্তি মালিকানা জমির উপর রাস্তা সেহেতু স্থানীয় ভাবে মীমাংশা করে দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।




