টাঙ্গাইল প্রতিনিধি : প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স সখীপুর শাখার ম্যানেজার সাইফুল ইসলাম খান (৪৫) অপহরনের দীর্ঘ ৬ মাস পর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ মে সোমবার রাতে উপজেলার কালিয়ানের নখিল বিলের মাটির নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। সাইফুলের বাড়ি কালিহাতী উপজেলার আগচারান গ্রামে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গত বছরের ১১ ডিসেম্বর বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অপহরন হয় সাইফুল ইসলাম। পরে রাতে সাইফুলের স্ত্রী ফেরদৌসি সখীপুর থানায় প্রথমে একটি জিডি ও পরে অপহরন মামলা করেন। এর পর থেকে পুলিশ অপহৃত সাইফুলকে উদ্ধারের জন্য তৎপর শুরু করে। পরে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা কালিয়ান গ্রামের আশরাফ হোসেনকে সিলেটের জাফলং থেকে গ্রেফকার করে জিজ্ঞাসাবাদ শুরু করে সখীপুর থানা পুলিশ। এক পর্যায়ে আশরাফ স্বীকার করেন অপহৃত সাইফুলকে হত্যা করে লাশ গুম করার জন্য সখীপুর উপজেলার কালিয়ানের নখিল বিলে মাটির নিচে বস্তাবন্দি করে পূতে রাখা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ আশরাফের স্বীকারোক্তি মোতাবেক সেখানে তলাশী চালিয়ে মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে সখীপুর উপজেলায় আতংক দেখা দিয়েছে।




