শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ৩ সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ সংবাদ পেয়ে উপজেলার ধাতুয়া গ্রামের আজহারুল ইসলাম ওরফে কাইলে মিয়ার স্ত্রী চম্পা বেগমের লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে। ওই ঘটনায় নিহতের বাড়ীসহ পার্শবর্তী এলাকায় মানুষ আতংকে রয়েছে।

জানা যায়, দীর্ঘদিন যাবত আজহারুল ইসলাম ও চম্পা বেগমের মধ্যে কলহ চলছিল। শুক্রবার সকালে চম্পা বেগমের লাশ ঘরের আড়ার সাথে গলায় রশি বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। চম্পার বাবা চান মিয়ার অভিযোগ, পরিকল্পিতভাবে তার মেয়েকে তারা মেরে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।




