কলারোয়া (সাতক্ষীরা) থেকে আরিফ মাহমুদ :কলারোয়ায় পরীক্ষার হলে নিজের কাছে মোবাইল রাখার অপরাধে ৯জন এইচএসসি ও এইচএসসি (বিএম) পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। চলমান এইচএসসি ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা- বিএম) পরীক্ষায় বৃহষ্পতিবার সকালে এ বহিষ্কারের ঘটনা ঘটে। উপজেলা পরিক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার মোবাইল রাখার অপরাধে পরীক্ষার্থীদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, কলারোয়া শেখ আমানুল¬াহ ডিগ্রী কলেজ কেন্দ্রের কলারোয়া সরকারি কলেজ ভেন্যুতে এইচএসসি (বিএম) পরীক্ষায় নিজের কাছে মোবাইল রাখার অপরাধে ৬জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে ৫জন হাজী নাছির উদ্দীন কলেজের শিক্ষার্থী ও অপরজন শেখ আমানুল¬াহ কলেজের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ আমানুল¬াহ কলেজের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম। এদিন এইচএসসি (বিএম) বিভাগের ২য় বর্ষের বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন বিষয়ের পরীক্ষা চলছিল। অপরদিকে, এইচএসসির ইংরেজি ২য় পার্টের পরীক্ষায় কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে ১জন ও হাজি নাছির উদ্দীন কলেজ কেন্দ্রের খোর্দ সালেহা হক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ২জন পরীক্ষার্থী বহিষ্কার হয়। এদের সকলের কাছে মোবাইল রাখার অপরাধে বহিষ্কার করা হয়।
কলারোয়ায় ক্যামিস্ট এন্ড ড্রাগস সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

কলারোয়ায় উপজেলা ক্যামিস্ট এন্ড ড্রাগস সমিতির ডাকা অনির্দিষ্টকালের দোকান বন্ধ রাখার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সাথে সমিতির নেতৃবৃন্দের এক ফলপ্রসু আলোচনার পর এ সিদ্ধান ঘোষনা করা হয়। বিষয়টি ইউএনও অনুপ কুমার তালুকদার নিশ্চিত করেছেন। পরে রাতেই দোকান বন্ধ রাখার ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দিয়ে পৌরসদরে মাইকিং করা হয়। উলে¬খ্য, বুধবার ভ্রাম্যমান আদালত কর্তৃক ঔষধের দোকানে অভিযানের নামে হয়রানীর অভিযোগে উপজেলা ক্যামিস্ট এন্ড ড্রাগস সমিতি অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দিয়েছিল।
কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল
নব ষোষিত কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও আনন্দ মিছিল করেছে। বৃহষ্পতিবার বিকেলে দলটির উদ্যোগে এ মিছিল কলারোয়া বাজারে বের হয়। মিছিল শেষে গরুহাট খোলা মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। নব গঠিত স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন-অর রশীদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, স্বেচ্ছাসেবকলীগের সা.সম্পাদক রেজানুজ্জামান লিটু, সাইদুজ্জামান সাইদ, ইব্রাহিম খাঁন, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর হোসেন লিটন প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ জোয়র্দার।
কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে গিয়ে আটক ৪বাংলাদেশি মহিলাকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

অবৈধপথে ভারতে গিয়ে আটক ৪বাংলাদেশি মহিলাকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহষ্পতিবার সকালে কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে তাদের হস্তান্তর করা হয়। তারা হলেন- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার হিরন গ্রামের সরোয়ারের স্ত্রী নাছিমা খাতুন (৪৫), খুলনা জেলার পাইকগাছার ইতামপুর গ্রামের কেষ্টপদ বিশ্বাসের স্ত্রী তরুলা বিশ্বাস (৫৫), ডুমুরিয়ার রংপুর গ্রামের অশোক হালদারের স্ত্রী আরতী হালদার (৪৫) ও যশোর জেলার বাঘারপাড়ার খোশনগর গ্রামের কার্তিক চন্দ্র দেবনাথের স্ত্রী পারুল দেবনাথ (৬০)। বিজিবি সূত্র জানায়, বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তারা কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে চিকিৎসার জন্য প্রবেশ করে। এসময় ভারতের উত্তর ২৪পরগণা জেলার স্বরূপনগর থানার তারালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। পরে বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কেঁড়াগাছি মেইন পিলার ১৩/৩ এসএর ৪ আরবির সন্নিকটে অনুষ্ঠিত বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে।
কলারোয়ায় জাকের পার্টির প্রস্তুতি সভা
কলারোয়ায় জাকের পার্টির উদ্যোগে মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলার শ্রীপতিপুর গ্রামে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য নুরুল হক পনির। সাতক্ষীরা জেলা জাকের পার্টির সভাপতি রেজাউল করিম রাজার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকের পার্টি খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব বদুরুদ্দীন বিশ্বাস, খুলনার সা. সম্পাদক জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিহিদার আব্দুস সোবহান, কলারোয়া উপজেলা জাকের পার্টির সভাপতি এসএম শহীদ প্রমুখ। সভায় আগামী ১লা মে সোমবার অনুষ্ঠিতব্য বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর শাহানশাহে তরিকত বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কূঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফে সকলকে শরিক হওয়ার জন্য আহবান জানানো হয়।
কলারোয়ায় ২ আসামী আটক
কলারোয়ায় দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার বাটরা গ্রামের শাহাজান গাজীর ছেলে কামরুজ্জামান (২৩) ও মুজিবার সরদারের ছেলে আফজাল সরদার (১৯)। থানা সূত্র জানায়, তাদেরকে বাড়ী থেকে গতকাল ভোরে পুলিশ আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে ৪০৬/৪২০ ধারায় একটি সিআর ৭৩০/১৩ প্রতারণা মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে।




