ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে দু’দিনব্যাপী মরমী কবি দুর্ব্বিণ শাহ লোক উৎসব প্রথমদিনই পন্ড হয়ে গেছে। শিল্পীর আপত্তিকর এক বক্তব্যে দর্শক-শ্রোতা উৎসব পন্ড করে দেয়। বুধবার সন্ধ্যায় পাবলিক খেলার মাঠে দু’দিনব্যাপী দুর্ব্বিণ শাহ লোক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। দুর্ব্বিণ শাহ স্মৃতিচারনমুলক আলোচনা সভা শেষে শুরু হয় লোক উৎসবের মুল পর্ব। রাত ১০টায় দুর্ব্বিণ শাহ’র লেখা গান পরিবেশন করতে মঞ্চে উঠেন ফকির শাহাব উদ্দিন। জনপ্রিয় এ শিল্পীর গান শুনতে শ্রোতাদের আগমনে মাঠ কানায়-কানায় পূর্ন হয়। কয়েকটি গান পরিবেশনের পর শিল্পী ফকির শাহাব উদ্দিনের দেয়া এক আপত্তিকর বক্তব্যে উপস্থিত শ্রোতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে হৈ-চৈ শুরু হলে নিজ বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন ফকির শাহাব উদ্দিন। কিন্তু কিছুতেই উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এক পর্যায়ে ছাতকে না আসার ওয়াদা করে মঞ্চ ত্যাগ করে চলে যান ফকির শাহাব উদ্দিন। তখনই পন্ড হয়ে যায় দু’দিনব্যাপী দুর্ব্বিণ শাহ লোক উৎসব। এ ব্যাপারে উৎসব উদযাপন কমিটির সভাপতি ডাঃ আফসার উদ্দিন জানান, একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথমদিনের উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে আবহাওয়ার কারনে ২য়দিনের অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে স্থানান্তর করা হয়েছে।

ছাতকে লম্পটকর্তৃক গৃহবধূর শ্লীলতাহানী
অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট
ছাতকে এক গৃহবধুর শ্লীলতাহানী ঘটিয়েছে কতিপয় লম্পট। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামে। লম্পটরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে একই গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র মাহমুদুর রহমানসহ অজ্ঞাত ৩জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, বুধবার গভীর রাতে মাহমুদুর রহমানসহ ৪লম্পট অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে সিঁধ কেটে মন্তাজ মিয়ার ঘরে প্রবেশ করে ঘুমিয়ে থাকা গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে। স্বামী ঘরে না থাকার সুবাদে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে লম্পটরা। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজনের হাতে ধরা পড়ার ভয়ে গৃহবধুর শ্লীলতাহানী ঘটিয়ে তাকে ব্যাপক মারপিট করে পালিয়ে যায় লম্পটরা। বৃহস্পতিবার সকালে এ সময় আসবাবপত্র ভাংচুরসহ গৃহবধূর আধভরি ওজনের স্বর্ণের চেইন, নগদ ৮হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।




