শ্যামলবাংলা ডেস্ক : প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৮ জুন সকাল ১০টায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) সোহরাব হোসাইনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (কলেজ), শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) এবং ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রবেদন দিতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এই কমিটি প্রশ্ন ফাঁসের অভিযোগের সার্বিক তদন্ত করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করে সুনির্দিষ্ট সুপারিশ দেবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল পাবলিক পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট সুপারিশ দেবে এই কমিটি।
উলেখ্য, বুধবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন বিক্রির অভিযোগ ওঠার পর রাতে ঢাকা বোর্ডের এইচএসসি ও ডিআইবিএসের পরীক্ষা স্থগিত করা হয়।




