শ্যামলবাংলা ডেস্ক : ইরাকজুড়ে শনিবার কয়েকটি হামলায় কর্নেলসহ অন্তত: ২০ সেনা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ রাজধানী বাগদাদের উত্তরপশ্চিমের একটি ছোট শহরে বোমা হামলার শিকার হন। নিরাপত্তা কর্মকর্তারা জানান, বাগদাদের ৩০ কি.মি. উত্তরপশ্চিমের গারমা শহরে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের ছেড়ে যাওয়া একটি বাড়িতে প্রবেশের সময় আগে থেকে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত: ১৩ জন সেনা নিহত হন।
এছাড়া গারমাতে আরেকটি ঘটনায় বিদ্রোহী জঙ্গিদের ছোঁড়া মর্টার বোমার আঘাতে সরকার সমর্থক এক সুন্নি বেসামরিক বাহিনীর দুই যোদ্ধা নিহত হয়েছেন। বিচ্ছিন্ন আরেকটি ঘটনায় বাগদাদের উত্তরের মিশাহদায় রাস্তার পাশে পেতে রাখা বোমা টহল সেনাদের গাড়িতে আঘাত করলে ৩ সেনা নিহত ও ৬ সেনা আহত হন। বাগদাদের দক্ষিণের মাহমৌদিয়া এলাকায় সেনা টহল দলের ওপর এক হামলায় এক কর্নেল ও ৩ সেনা নিহত হন। জাতিসংঘ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মার্চে ইরাকে নিহত ৫শ’ ৯২ জনের মধ্যে ১শ’ ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।




