স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পুরাতন একটি ব্রিজ ভাঙার সময় তা ধসে গিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৪ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার বরুণ বাজার সংলগ্ন পুরাতন একটি ব্রিজ ভাঙার সময় ওই দুর্ঘটনা ঘটে। এসময় আরও অন্তত: ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছেন আবু বকর সিদ্দিক, ফুলু মিয়া, আজগর আলী ও অজ্ঞাত পরিচয়ের এক শ্রমিক। তাদের প্রত্যেকের বাড়ি শেরপুর জেলার আন্ধারিয়া গ্রামে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ১১ জন শ্রমিক বরুন বাজার সংলগ্ন পুরাতন ব্রিজটি ভাঙার কাজ শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে ব্রিজের একটি অংশ ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ৪ শ্রমিক। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। নিহতদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই দুর্ঘটনার পর উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




