মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর শহরের বড়বাজারে জোত্স্না ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পুড়ে গেছে ফ্যাক্টরির সমস্ত মালামাল। একই সাথে পার্শ্ববর্তী গিয়াস মিস্টান্ন ভান্ডারের একটি কারখানাও পুড়ে গেছে। এতে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

জোত্স্না ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মফিজুল ইসলাম জানান, ফ্যাক্টরির কর্মচারীরা বুধবার ভোর সাড়ে চারটার দিকে ফ্যাক্টরির ভিতরে আগুন দেখতে পান। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো ফ্যাক্টরি, পাশের দু’টি বাড়ি এবং গিয়াস মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরির কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় বিস্কুট ফ্যাক্টরির ফ্রিজ, জেনারেটর সহ সমস্ত মালামাল। একই সাথে গিয়াস মিষ্টান্ন ভান্ডারের কারখানার মালামালও পুড়ে যায়। বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান দিপু জানান, সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে




