মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) : জেলার কলমাকান্দা উপজেলার ৪১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১৬৪ জন শিক্ষক গত ৫ মাস যাবত বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বেসরকারী রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারী করনের ঘোষনা দেওয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঢাকায় বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জানুয়ারী/১৩ সরকারী করনের ঘোষনা দেন। এই ঘোষনায় প্রথম ধাপে ৪১টি বিদ্যালয়ের ১৬৪জন শিক্ষক ১ জানুয়ারী/১৩ এর আওতাভূক্ত হয়। তালিকাভূক্ত শিক্ষকদের গত অক্টোবর মাস হতে বেতন ভাতা বন্ধ রয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ে প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে বকেয়া বেতন ভাতাসহ যাবতীয় কাগজপত্র সম্পন্ন করে উপজেলা হিসাব রক্ষণ অফিসে জমা দিলেও ফাইল বন্ধি রয়েছে। বকেয়া বিলসহ বেতন ভাতা পাওয়া তো দূরের কথা পূর্বের নিয়মিত বিলও বন্ধ রয়েছে। যার ফলে শিক্ষকরা হতাশায় দিন কাটাচ্ছেন।




